রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের আয়োজন করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ারিং, রুয়েট (এসপিইআর)।

এতে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ধরণের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’

রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ক্যারিয়ার ক্রুইজে স্বনামধন্য মোট ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দেন। পরে সেই সিভি বাছাই করে প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নেবে।