মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকা থেকে নয়ন মোল্লা (২০) নামে কিশোরীর ওই প্রেমিককে গ্রেফতার করা হয়।
এর আগে একই দিন রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ি থানায় প্রেমিক নয়নকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন কিশোরীর বাবা। গ্রেফতার নয়ন জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে।
পুলিশ জানান, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের নয়ন মোল্লার সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই কিশোরীর। প্রেমের সম্পর্ক চলাকালে কিশোরীকে চুমু খেয়ে সেই ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে প্রেমিক নয়ন। পরে প্রেমিকের সাথে শারীরিক মেলামেশা করার জন্য কিশোরীকে প্রস্তাব দেন। মেলামেশা না করলে চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে গত ২৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান প্রেমিক নয়ন। পরে সেখানে প্রেমিক নয়ন মোল্লাসহ তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ ও উপস্থিত অপর আরো দু’জন নগ্ন দেহের ভিডিও ধারণ করে। কিশোরী ভয়ে দীর্ঘদিন ঘটনাটি আড়াল করে রাখে। এরমধ্যেই ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে কিশোরীর পরিবারের লোকজন জানতে পারে। পরে শনিবার দিবাগত রাতে কিশোরীর বাবা টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক থেকে চুমু খাওয়ার ছবি ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে প্রেমিক ও আরো কয়েকজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





