সিলেটের জালালাবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কে আনসার পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাইফ আহমদ রাজ (২০) ও আকসান হাবিব (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো: মনঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্টের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক সাইফ আহমদ রাজ কোতোয়ালী থানার বাগবাড়ি এতিম স্কুল-সংলগ্ন সালেহ টাওয়ারের বাসিন্দা মরহুম এজাজ আহমদের ছেলে এবং আকসান হাবিব জালালাবাদ থানার পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
এসএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্টের ওপর কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, আনসার ভিডিপি লেখা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ ভেস্ট, দু’টি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি আনসার ভিডিপির পরিচয়পত্র ও দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো: মনঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়েরপূর্বক আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।









