বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় সাভার সরকারি কলেজ হলরুমে শুক্রবার (২৫ জুলাই) জামায়াত ঢাকা জেলার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা পূরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে, এক ঐতিহাসিক দায়িত্বের মুখোমুখি দাঁড়িয়ে আছি। পুরো জাতি আজ চরম অনিশ্চয়তা, দুর্নীতি, দমন-পীড়ন ও অধঃপতনের মুখে। এই বাস্তবতায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়-এটি স্বৈরাচার থেকে মুক্তির ডাক, একটি পরিবর্তনের সূচনা। এর মূল্য উদ্দেশ্য দুর্নীতিগ্রস্ত, দমনমূলক ও স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করা, একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথ সুগম করা, ইসলামী মূল্যবোধভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র গঠনের সংগ্রামকে বেগবান করা, জনগণের ন্যায্য অধিকার, ভোটাধিকার ও মানবিক মর্যাদা ফিরিয়ে আনার। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশের মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘ব্যক্তিগতভাবে আত্মিক ও মানসিকভাবে রেডি থাকতে হবে, ময়দানে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে, মিছিল-মিটিং-সমাবেশ ও গণসংযোগে নেতৃত্ব দিতে হবে, জনগণের কাছে আন্দোলনের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী প্রচারণা চালাতে হবে, সংগঠনের প্রতি নিরঙ্কুশ আনুগত্য বজায় রেখে নির্দেশনা অনুসরণ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ মসৃন নয়। এ পথে চলতে গেলে দমন-পীড়ন বাড়বে, গ্রেফতার-হামলা হবে, কিন্তু এক ইঞ্চিও পিছু হটা যাবে না। উত্তেজনায় নয়, কৌশলে এগোতে হবে। শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আন্দোলনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।’
আজকের এই গণঅভ্যুত্থানের আলোচনা শুধুই চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ভবিষ্যৎ ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র বিনির্মাণে একটি সুযোগ। তাই এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ভেদাভেদ ভুলে, সকল বিভ্রান্তি উপেক্ষা করে ইসলাম প্রিয় সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
এছাড়া জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইন-বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার থানার আমির আব্দুল কাদের, সাভার পৌর আমির আজিজুর রহমান প্রমুখ।









