বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া না থাকায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ২০টি লঞ্চ চলাচল করছে এই নৌরুটে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নৌরুটে ফেরি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। যানবাহনের কোনো জ্যাম বা সিরিয়াল নেই। এখন ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসাথে বৃষ্টি শুরু হয়। ফলে উত্তাল পদ্মা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওই দিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।





