কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী।

সোমবার বিকেলে তিনি এ কথা জানিয়েছেন।

এর আগে, গত রোববার (২৯ জুন) মামলাটি তুলে নেবেন বলে জানান তিনি।

ভুক্তভোগী নারী বলেন, ‌‌‘বাহেরচর গ্রামের আবুল কালাম (আবুল) ও মুকুল আমাকে বলেছে মামলা তুলে নিতে। তাহলে দেশটা শান্তি হবে, না হলে আসামিরা জামিনে আসবে। ওইসময় আমাদের সমস্যা হবে এবং বাড়িতে থাকতে পারব না। যে কারণে আমি সাংবাদিকদের বলেছি, মামলা তুলে নেব। আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় ছাত্রলীগ নেতা সুমনসহ চার আসামির সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

তিনি আরো বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী অসুস্থ থাকায় তাকে কুমিল্লা পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের ছাড়পত্র পেলে যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে। এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।