গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের ডিআইটি থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে মহানগর নায়েবে আমির আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, প্রচার মিডিয়া সম্পাদক আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে না। আমরা বলতে চাই, শুধু গোপালগঞ্জ নয় নারায়ণগঞ্জসহ সারাদেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। দেশের স্বার্থে ও জাতির স্বার্থে যেখানে সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেফতার করতে হবে। আমরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না।’