ঢাকা সাভারের পাকিজা পৌর এলাকার ব্যাংক কলোনিতে যুবক শাহীন (৩০) হত্যাকাণ্ডের প্রধান আসামি অভিনেতা মেহেদী হাসানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২৩ মে) দুপুরে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার (এসআই) মো: মোতাসিম বিল্লাহ।

জানা যায়, গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ব্যাংক কলোনি মহল্লায় সাবেক এমপি ডা: সালাউদ্দিন বাবুর বাড়ির সামনের সংযোগ সড়কের গ্যারেজের সামনে মাথায় গুলি করলে শাহীন নিহত হন। ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যাচ্ছেন। পুলিশের তদন্তে জানা যায়, ওই ব্যক্তি মেহেদী হাসান। যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী।

শাহীন পেশায় পরিবহন রংমিস্ত্রি ছিলেন। তার বাবার নাম নাসির উদ্দিন এবং তাদের আগের বাড়ি সাভার পৌর এলাকার উত্তরপাড়ায়।

এদিকে গ্রেফতার মেহেদীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মেহেদীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং সে বহু অপকর্মের হোতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্যারেজ মালিক বরুণ একজন মাদকাসক্ত এবং ওই গ্যারেজে নিয়মিত জুয়ার আসর বসাতো। মেহেদী ওই রাতে গ্যারেজে মদ্যপান করেন এবং জুয়ার আসরে বসেন। পরে গ্যারেজকর্মী শাহীনকে নেশা দ্রব্য আনতে বললে তিনি রাজি হননি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করেন মেহেদী। পরে গাজীপুরে পালিয়ে যান।

এদিকে মেহেদীর কাছে লাইসেন্স করা অস্ত্র ছাড়াও অবৈধ অস্ত্র রয়েছে এবং ঢাকার পুরনো পল্টনে তার সমন্ধির অস্ত্রের ব্যবসা রয়েছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র।