চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুহুল আমিন (৩৫) নামে কেইপিজেড-এর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সদর এলাকার সাদ মুসা ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

আহত রুহুল আমিন ভোলা জেলার বাসিন্দা এবং মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি আনোয়ারার কেইপিজেডে স্টোর কিপার পদে কর্মরত এবং বৈরাগ এলাকার চায়না রোডে ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, আহত ব্যক্তি হয়তো কোনো ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন। সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে ছিনতাইয়ের উদ্দেশে ছুরিকাঘাত করে এবং চেতনানাশক পাউডার দিয়ে অচেতন করে ফেলে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: জেনিফা বলেন, ‘আহত অবস্থায় একজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিষ চন্দ্র দেব জানান, রাস্তার পাশ থেকে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।