‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ স্লোগানকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেট মহানগর ছাত্রশিবির।

মঙ্গলবার (৫ আগস্ট) র‌্যালিটি নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় র‌্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চব্বিশের জুলাইয়ের বিজয়ের পর বিভিন্ন স্টেকহোল্ডার যারা আন্দোলনের ফসল ভোগ করছেন, তারা বিজয়ের বিনয় হারিয়ে অহংকারে ডুবে গেছেন। দুই সহস্রাধিক ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে উপদেষ্টার চেয়ারে বসা ব্যক্তিরা আজ পর্যন্ত একজন খুনি বা সন্ত্রাসীর বিচারও নিশ্চিত করতে পারেননি। শহীদ পরিবারের পুনর্বাসন কিংবা আহতদের সুচিকিৎসার ক্ষেত্রেও তাদের ব্যর্থতা স্পষ্ট।’

তিনি বলেন, ‘এখন বিভক্ত হওয়ার সময় নয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হই তবে ষড়যন্ত্রকারীরা আবারো সক্রিয় হবে। তাই ছাত্র-জনতার সম্মিলিত ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।’

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ‘জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে যারা টালবাহানা করছে তারাই মূলত নব্য ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। এ বিপ্লব কোনো একক গোষ্ঠীর নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফসল।’

র‌্যালিতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার এবং সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।