বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুঃসময়ের কাণ্ডারি তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনগুলো বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে গাজীপুর মহানগর জাসাসের আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

ডা : মাজহার বলেন, ‘স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শহীদ জিয়ার স্বপ্নপ্রসূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা।’

এ সময় মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইনাম আহমেদ বেনুর সভাপতিত্বে যুগ্মসম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশের সঞ্চালনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপ্লব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয়, দেলোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।