বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের বগুড়া অফিস প্রধান সবুর শাহ লোটাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার-রাহাত রিটু, দৈনিক বগুড়ার সিনিয়র রিপোর্টার জহুরুল ইসলাম, দৈনিক নিউনেশনের ফেরদৌসুর রহমান, এশিয়ান এজের মামুন-উর-রশিদ, সদস্য রায়হান আহমেদ রানা, সানাউল হক শুভ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছর গণমাধ্যম নিয়ন্ত্রণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। তাদের সমালোচনা করলেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হতো। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হতো। ফলে বাক স্বাধীনতা হরনের কারনে সাংবাদিকরা ছিল পরাধীন।

তারা বলেন, হাসিনার পতনের পর বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার সূচক বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে এসেছে। সাংবাদিকরা এখন স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা ধরে রাখতে ওক্যবদ্ধ থাকতে হবে। আর যেন কোন ফ্যাসিস্ট জাতির ঘাড়ে চেপে বসতে না পারে সেদিকে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।