আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সক্রিয়ভাবে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
বুধবার (২৫ জুন) তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনরুজ্জীবিত ও ভোটের প্রস্তুতি জোরদার করতে গৌরনদী উপজেলার আল হেলাল ইসলামিয়া মাদরাসায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
মাওলানা আব্দুল জব্বার বলেন, আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু শুধু নির্বাচন নয় বরং মানুষের জীবনব্যবস্থায় নৈতিকতা, ইনসাফ এবং আল্লাহভীতির সংস্কৃতি ফিরিয়ে আনা। দল হিসেবে আমরা সংগঠনকে জনসম্পৃক্ত রাখতে চাই, যাতে মানুষ নিজেদের প্রয়োজনেই ইসলামী নেতৃত্বে আস্থা রাখতে পারে।
তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামে বহু বাধা আসবে, সেটাই স্বাভাবিক। তবে আমাদের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, আদর্শিক অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করা। জনগণের আস্থা অর্জনের জন্য এলাকার বাস্তব সমস্যা নিয়ে কথা বলতে হবে, তাদের পাশে থাকতে হবে। ভোটে জেতা না জেতা বড় কথা নয়। মানুষের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা এবং নৈতিক অবস্থান সবচেয়ে জরুরি।
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ডা: মাহফুজুর রহমান, জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা আমির মাওলানা আলাউদ্দিন, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমান। এছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









