দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, ‘সেবা গ্রহীতারা কেউ ঘুষ দেবেন না। সরকারি কর্মকর্তারা আপনাদের সেবা দিতে বাধ্য। কারণ জনগণের টাকায় তাদের বেতন-ভাতা দেয়া হয়।’
রোববার (১০ আগস্ট) দুদক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও দুদকের সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনে করি না, দুদক দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান। তাই দুদক যেন দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। ঘুষ বন্ধ করুন, দুর্নীতিমুক্ত বগুড়া জেলা গঠনে সহযোগেতা করুন।
এ সময় অনুষ্ঠানে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে তিনটি ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন দুদক চেয়ারম্যান।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, বগুড়া জেলার উপপরিচালক মাহফুজ ইকবাল।
সভায় দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন বলেন, ‘অনুষ্ঠানে সরাসরি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রাপ্ত ৯৮টি অভিযোগের মধ্যে ৫৭টি অভিযোগ শুনানি করা হয়। এসব অভিযোগের মধ্যে সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আল আরাফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বগুড়া অফিস গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে বগুড়া অফিস গুটিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। এসব কোম্পানির কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ তাদের হাজির করে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে দুর্নীতিমুক্ত বগুড়া জেলা গড়ে তোলা হবে।’
এ সময় গণশুনানিতে সরকারি কর্মকর্তাদের হয়রানির শিকার শত শত মানুষ অংশ নেন।









