মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশাল মুলাদীর বিশেষ অভিযান চালিয়ে ২৮০টি ইয়াবাসহ মাদককারবারি দেলোয়ার হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট সংলগ্ন জয়ন্তী নদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেলোয়ার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলারচালক।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন স্টিল বডির ট্রলারে পুলিশ তল্লাশি চালিয়ে ট্রলারচালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোচে লুকিয়ে রাখা ২৮০টি ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করা হয়।

নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।