চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একসাথে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আনিছ (২২), আরাফাত (১৮) ও রিয়াজ (১৯)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে।
পুলিশ জানায়, মৃত তিনজনসহ রেললাইনের ওপর পাঁচ বন্ধু বসে ছিল। এ সময় হঠাৎ ট্রেন চলে এলে দু’জন নিরাপদে সরে যেতে পারলেও বাকি তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: এরশাদ উল্লাহ জানান, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।
তবে মৃতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই যে- তাদের রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিল। পরে স্থানীয় লোকজন লাশ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের পাওয়া যায়।’







