কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।
ভিডিওতে দেখা যায়, এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।
কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ বলেন, আবু বক্কর সিদ্দিক ৫ আগস্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছি।
তবে এই ভিডিওটি অনেক দিন আগের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন।
কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) -এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এই ধরনের লোকজনকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না, সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছি।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওহিদুজ্জামান বলেন, এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। তবে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না।





