জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসআইডিপি) ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সিলেট জেলা শিক্ষা অফিস ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মৌলুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি'র লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া ও সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।
এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য রাখেন জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সভাপতি ইমরান আহমদ। প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে বক্তব্য দেন হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মাসুক আহমদ এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রিফাত সানজিদা নাবিলা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





