ফেনীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথভাবে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সামাজিক নিরাপত্তায় নারী-শিশুর মর্যাদা, সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় সভায় অংশগ্রহণকারীরা শুরুতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন।

শহর সমাজসেবা কর্মকর্তা শাহ মুহাম্মদ কায়সারের পরিচালনায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, খেলাফত মজলিসের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদী, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া চৌধুরী সাবা, ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্যাহ, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জুলাই সম্মুখসারির যোদ্ধারা উপস্থিত ছিলেন।