রাজবাড়ী সদরে মোবাইল ফোনে ভিডিও করা অভিযোগ তুলে শাহিন শেখ (২৫) নামের এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন শেখ রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি দিনমজুর ছিলেন।

নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর গ্রামের শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে সে। এই অভিযোগে তাকে ধরে নিয়ে রাজাপুর বাজারের পাশে একটি ঘরে বন্দী করে কাঠের বাটাম দিয়ে বেধরক মারধর করে হত্যা করা হয়। কিন্তু সেখানে আমাদের যেতে দেয় না। পরে থানায় খবর দিলে রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।