মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও বাসের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দু’জন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুতুবপুর ইউনিয়নের নিকটবর্তী পদ্মা রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খান সন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ড ভ্যান এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। ভোর ৫টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক একই মুহূর্তে পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও বাসের মাঝে পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা আরো দু’জন, তবে তাদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









