জামালপুরের ইসলামপুরে ঈদ মেলায় অশ্লীল নাচ-গানের অভিযোগে এবং জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (২ এপ্রিল) ইসলামপুর থানা পুলিশ আটকদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
এর আগে মঙ্গলবার জামালপুরের ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকায় রাতভর এ অভিযান চালায় যৌথবাহিনী।
ইসলামপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে হাড়গিলা বাঁধসংলগ্ন খোলা মাঠে স্থানীয় একটি চক্র শামিয়ানা টানিয়ে ঈদ মেলার নামে জুয়া খেলাসহ বিভিন্নস্থান থেকে যাত্রার নারীদের এনে অশ্লীল নাচ-গান চালিয়ে আসছিল।
খবর পেয়ে গভীর রাতে সেনাবাহিনী এবং ইসলামপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তিনজন নারীসহ ৪১ জনকে আটক করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ঈদের দিন ঈদমেলার নামে স্থানীয় একটি চক্র জুয়া খেলাসহ যাত্রার (শিল্পী) নারীদের এনে অশ্লীল নাচ-গান চালিয়ে আসছিল। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৪১ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ২১ মোটরসাইকেল, ৩২ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র।’





