ইউরোপীয় ইউনিয়নের অর্থায়িত Erasmus+ KA171 Higher Education Staff Teaching Mobility Programme-এর আওতায় একাডেমিক সভায় অংশ নিতে নেদারল্যান্ডস সফরে গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন।
বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদেশে অবস্থানকালীন সময়ে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নেদারল্যান্ডসের স্বনামধন্য উত্রেখ্ট এবং ভাগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ও বিভাগীয় প্রধানদের সাথে পৃথক একাডেমিক সভায় যোগ দেবেন।
এছাড়াও তিনি ওইদেশের পানি ও পরিবেশ বিজ্ঞানের জন্য বিখ্যাত আইএইচই ডেলফ্ট ও ডেল্টারেস ইনস্টিটিউটের গবেষকদের সাথে আয়োজিত যৌথসভা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন। অধিকন্তু, তিনি নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট হাই অফিসিয়ালদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এ সফরে নোবিপ্রবি ভিসির সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন সভায় অংশ নেবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।
উল্লেখ্য, এই সফরের মধ্য দিয়ে নোবিপ্রবি ও নেদারল্যান্ডসের উল্লেখিত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটসমূহের মাঝে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে, যা নোবিপ্রবির শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়ন এবং যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। ২৬ জুলাই ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল দেশে ফিরে আসার কথা রয়েছে।









