বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ চালানোর মতো অভিজ্ঞতা, যোগ্যতা ও ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তার নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, ‘শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে আপনার বৈঠক হবে। আমাদের নেতার সাথে সৎভাবে ও সত্য কথা বলবেন এবং তার সাথে আলোচনার মধ্য দিয়ে এ দেশকে রক্ষা করবেন বলে আশা করব। আমরা আর আন্দোলন করতে চাই না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় মানুষ ভোট দিতে পারেনি। এখন বাংলাদেশের মানুষ শুধু একটি ভোট দিতে চায়। তবে আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আগামী নির্বাচনে আমাকে ভোট দিবেন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।’

বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। এছাড়া প্রধান বক্তার বক্তব্য দেন ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এস এম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইতনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ বক্তব্য রাখেন।