গাজীপুরের কালীগঞ্জে এক মাদরাসায় শিশু ছাত্রকে নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের ঘটনায় ওই ছাত্রের বাবা মো: মোশারফ শেখ থানায় মামলা করেছেন। উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের নূরে মদিনা হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
রোববার (২৯ জুন) ওই শিক্ষককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গ্রেফতার শিক্ষকের নাম- হাফেজ মো: জাকারিয়া শেখ (২৯)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ গ্রামের মরহুম তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের ‘নূরে মদিনা হাফেজিয়া মাদরাসা’র নূরানী বিভাগের শিক্ষার্থী মো: আবুবকর সিদ্দিক(৮) ওই মাদরাসার শিক্ষক জাকারিয়া শেখের অধীনে পড়াশোনা করতো। গত শুক্রবার বিকেলে ছুটি চাওয়াকে কেন্দ্র করে শিক্ষক জাকারিয়া ক্ষিপ্ত হয়ে শিশু আবু বকরকে বেধড়ক মারধর করেন। এরপর জাকারিয়া রাতে শিশুটির পা থেকে কোমড় পর্যন্ত একটি প্লাস্টিকের বস্তায় ভরে আটকিয়ে করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মাদরাসার শিক্ষার্থীদেরসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে মাদরাসা এলাকায় ভিড় জমায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক জাকারিয়াকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নির্যাতিতের বাবা মো: মোশারফ শেখ হয়ে শিক্ষক জাকারিয়া শেখের(২৯) বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন জানান, রোববার শিক্ষক জাকারিয়া শেখকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।









