কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গরুর হাট ও আশপাশের এলাকায় সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি ও ছিনতাই চক্র। এরই মধ্যে চুয়াডাঙ্গায় গরু কিনতে এসে এমন একটি চক্রের খপ্পরে পড়ে ৪ লাখ ৫০ হাজার টাকা হারিয়েছেন ঝিনাইদহের এক গরু ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে দর্শনা শাপলা বাস কাউন্টারের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মো: আজগর আলী (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আজগর আলী চুয়াডাঙ্গা বড়বাজার থেকে শিয়ালমারী গরুর হাটের উদ্দেশে শাপলা পরিবহনের একটি বাসে ওঠেন। সাথে ছিল কোরবানির গরু কেনার জন্য নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা।

বাসে ওঠার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা তাকে অচেতন করে সাথে থাকা সব নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে বাসের যাত্রীরা আজগর আলীকে অচেতন অবস্থায় দর্শনা শাপলা কাউন্টারের পাশে ফেলে রেখে চলে যায়।

তার চাচা বাবুল বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি সাথে সাথে দর্শনায় ছুটে যাই। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মেহবুবা মুস্তাকিম মৌ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চেতনানাশক কিছু খাওয়ানো বা প্রয়োগ করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছি।’

বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জনগণকে আরো সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, কোরবানির মৌসুম ঘিরে যাত্রীবাহী যানবাহন ও হাট এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।