লালমনিরহাটে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে স্থানীয়রা। পরে গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ সোমবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হয়।

জানা গেছে, গাড়িতে ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের ঢাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করেন। গাড়িটি কাকিনা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে এলাকাবাসী সেটি আটক করে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালক ও সহযোগীকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দু‘জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি