সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুবকরা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। এবারে তরুণেরা ভোট না দিলে কখনোই বিজয় সম্ভব নয়। সাতকানিয়ায় যুব বিভাগের ১৮৯টি ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে যুবকদের সুসংগঠিত করতে হবে। দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারের নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারলে দেশে ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতির মতো অবস্থা হবে। গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে যুবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। জুলাই বিপ্লবে যুবকদের অবদান অনস্বীকার্য। চিকিৎসায় বৈষম্য, শিক্ষায় বৈষম্য এসব থেকে মুক্ত হতে হলে যুবকদের মন বুঝতে হবে, না হলে আগামী নির্বাচনে বিজয়ের মুখ দেখা সম্ভব হবে না।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার।
শাহজাহান চৌধুরী আরো বলেন, যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারায় নানা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। সাতকানিয়ার ইতিহাস করুণ ইতিহাস। ১৯৯১ সালে ছোট শিশুরাও স্লোগান দিয়েছিল—আমরা যদি ভোটার হতাম, দাঁড়িপাল্লায় ভোট দিতাম। জামায়াত কর্মীরা সমাজকর্মী। চট্টগ্রাম মহানগরে দায়িত্ব পালনকালে আমরা বির্জা খাল পুনঃখনন করেছি, যা জামায়াতকে আরো ২০ বছর এগিয়ে দিয়েছে।
সমাবেশে প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, বাংলাদেশ একটি নতুন পরিস্থিতি এবং নতুন দিগন্তের উন্মোচন ঘটলেও এখনো পর্যন্ত শকুনের সেই নগ্ন দৃষ্টি থেকে প্রকৃতপক্ষে রেহাই পায়নি। সেই জায়গায় অন্য সাধারণ মানুষের মতো যুবকদের ভূমিকা রাখলে চলবে না। যুবকদের বুদ্ধিভিত্তিক সামগ্রিক পরিশ্রম আল্লাহর রাহে যদি বিলিয়ে দিতে পারে তাহলে সাতকানিয়া-লোহাগাড়া নয় পুরো বাংলাদেশে ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন দেশকে আর বাতিলের হাতে কখনো যাবে না ইনশাআল্লাহ।
দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছেরের সভাপতিত্বে ও সাতকানিয়া যুব বিভাগের সভাপতি মো: আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, শূরা সদস্য আরিফুর রশিদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম চৌধুরী, কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম, দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর প্রমুখ।





