ঈদুল ফিতরের দিন জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু উল্টে নিহত পাঁচ শিশুর পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। এ সময় নিহত প্রত্যেক পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক জাকিউল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার, পৌরসভার আমির আতিকুর রহমান, বাহাদুরাবাদ ইউনিয়ন আমির রাশেদুজ্জামান নূর, চুকাইবাড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ আকরাম হোসেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান সাদাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপে উল্টে যায় ভাসমান সেতুটির একটা অংশ। এতে অনেকে নদে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় পাঁচ শিশু।

Jamalpur-Bridge-Tragedy

খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে রাতে একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত শিশুরা হলো— দেওয়ানগঞ্জ পৌর এলাকার বেলতলী বাজারের হাবিবুল্লাহর ছেলে প্রদ্যুৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১১), চুকাইবাড়ী ইউনিয়নের চরডাকাতিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মাদরাসা পড়ুয়া দুই সন্তান মায়ামনি (১২) ও মিয়াদ হাসান (৯), বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচর পূর্বপাড়া গ্রামের শের আলীর মাদরাসা পড়ুয়া দুই সন্তান খাদিজা আক্তার (১১) ও আব্দুল মোতালেব (৯)।