চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার টাকার বেশি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পারা যায় চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। তখন সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দ করে তল্লাশীর পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতে তৈরি রূপার গয়না পাওয়া যায়। জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
তিনি আরো জানান, এ ঘটনায় সুবেদার আবুল বাশার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। জব্দ করা রুপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।








