‘অন্তর্বর্তী সরকার যে বাজেট ঘোষণা করেছে তা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে,’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে ঢাকা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘এবারের বাজেট অবশ্যই জনগণের কথা চিন্তা করেই দিয়েছে বর্তমান সরকার। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে বাজেট দেয়া হয়েছে তার বৃহৎ অংশ লুটপাট করেছে, চুরি করেছে এবং সেই টাকা পাচার করেছে।’

এ সময় তিনি অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুবদল নেতা শাওন সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।