ফেনীতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘যারা নির্বাচনে পরাজিত হবে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে লাভ হবে না। আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন দিতে হবে। অন্যথায় আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। তাই বিএনপির নেতাকর্মীরা নির্বাচন ও আন্দোলন দুটোর প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও চক্রান্তের জবাব দিবে। জুলাই-আগস্ট আন্দোলনে সারা দেশের কথা এখানে বলবো না। ফেনীতে অনেক নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে আদালতে দাঁড় করাতে হবে। শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। শুধু শেখ হাসিনা নয় নিজাম হাজারী, নাসিম চৌধুরী, মাসুদ চৌধুরীসহ তারা সবাই গণহত্যাকারী তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।’

শনিবার (২ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামীম আরো বলেন, ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নে কোন ফ্যাসিস্ট যে যুক্ত হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো বিএনপি নেতা ফ্যাসিস্টদের সদস্য করার চেষ্টা করেন সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজীর সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় প্রচলিত আইনে জেল-জরিমানাও করা হবে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থাকতে হবে। যারা জনগণের অধিকার নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত ১৫ বছর জনগণ ভোট দিতে পারেনি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ ভোট দিতে পারেনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উৎসুক হয়ে আছেন কখন ভোট দিবেন। তাই আমরা বলতে চাই, যথাসময়ে ভোট দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন। সেটাতে ব্যর্থ হলে জনগণ ষড়যন্ত্রের জবাবও দিবেন।’

‘বাংলাদেশ ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনার পতনের আন্দোলন ফেনীতে সবচেয়ে বেশি হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনও বেশি হয়েছে। আগের ধারাবাহিক আন্দোলন ভালো হওয়ায় জুলাই-আগস্ট আন্দোলনও ভালো হয়েছে। ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা সেটা প্রমাণ করেছে ফেনীর মানুষ,’ বলেন তিনি।

মশিউর রহমান বিপ্লব বলেন, ‘ফরম দুই রকম। একটি হলো নবায়ন, অপরটি হচ্ছে নতুন সদস্য। অতীতে আমরা ২০১৭ সালে ১০০ জন করে সদস্য করেছি। এখন সেটা নবায়ন করবো। যারা দলের পদে আছেন তারাও নবায়ন করবেন। আর নতুন সদস্য ওয়ার্ড প্রতি যদি ৫০০ জনও করতে পারেন সেটা আমরা স্বাগত জানাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের কর্ম-যোগ্যতা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। নিজেদের শ্রম দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ভিপি হারুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ কাঞ্চন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।