যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কর (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের মরহুম হোসেন কবিরাজের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবু বক্কর ওই গ্রামের নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেছিলেন। সেই পাওনা টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দু’জন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্করকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’