কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুই হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। স্মার্ট মোবাইল ফোন বহন করার অপরাধে তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন কারাগারে বসে পরীক্ষা দেন এক জন হাজতি শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: কবির উদ্দীন আহমেদ এ তথ্য জানান।
বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৬৭১ জন। পরীক্ষায় উপস্থিত হয়েছেন ৮৭ হাজার ২৪৩ জন। অনুপস্থিতির হার ২.৭১ শতাংশ।
পরীক্ষায় লালমাই সরকারি কলেজের তিন জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় । বৃহস্পতিবার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরেই কেন্দ্রটি পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এসময় তিনি স্মার্টফোন বহন করার অপরাধে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
কারাগারে বসে পরীক্ষা দেন একজন হাজতি শিক্ষার্থী
কুমিল্লা কারাগারের জেলার মো: আব্দুল্লাহিল আল আমিন জানান, কারাগারে বসে পরীক্ষা দেন একজন হাজতি শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। তিনি কুমিল্লা বরুড়া উপজেলার পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে।
গত ১৬ জুন থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বরুড়া থানার মামলায় কুমিল্লা কারাগারে রয়েছেন। তিনি বরুড়া আড্ডা কলেজে কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষার্থী।









