বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো: রেজাউল করিম বলেছেন, ‘গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল এস্কাফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬টি ইয়াবা বড়ি, ১ লাখ ৬৮ হাজার ৩২০টি অবৈধ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা।’
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন। কুমিল্লার বিবিরবাজার হাই স্কুল মাঠে এ সভার আয়োজন করে কুমিল্লা বিজিবি।
রেজাউল করিম বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে আগের মতো ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’
জনসচেতনতামূলক এ সভায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মো: ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ সময় ‘মাদককে না বলুন’ প্লেকার্ড প্রদর্শন করা হয়।









