নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইল নাগরপুরের কোনড়া বিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন ওই বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে মোকনা ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন।

ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, ‘আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আশপাশের লোকজনকে ওই ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করি, তবে এলাকার কেউ তাকে চিনতে পারেনি।’

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কি না সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। যদি নিখোঁজ ডায়েরি হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করব।