সারাদেশ

গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
গৌরনদীতে বর্ষবরণ উৎসব · নয়া দিগন্ত

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুল্লাহ খান।

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণ। সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত ও বর্ষবরণ সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবদুল্লাহ খান।

পরে উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকসংগীত, নৃত্য ও নাট্যাংশ উপভোগ করেন দর্শকরা। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খান বলেন, “এই আয়োজন আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন বছরে সাম্য, শান্তি ও অগ্রগতির প্রত্যাশায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

উৎসবমুখর এই আয়োজন স্থানীয় জনগণের মাঝে নবউদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য এনে দেয়, যা বাংলা নববর্ষকে ঘিরে আনন্দ-উল্লাসের এক অনন্য উদাহরণ হয়ে রইল।

বিষয়সমূহ