বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল বলেছেন, ‘মানুষের জীবনের বড় সম্পদগুলোর অন্যতম হচ্ছে তার সততা। অর্থ, ক্ষমতা আর খ্যাতি দিয়ে কেউ হয়তো অল্প সময়ের জন্য সফল হতে পারেন, কিন্তু সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন করা সম্ভব হয় না। একজন সৎ মানুষ জীবনে চলার পথে বাঁধার সম্মুখীন হতে পারেন, তবে শেষ পর্যন্ত ওই সৎ মানুষ ঠিকই এক সময় মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেন।’
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাঘারপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘ব্যক্তিগত জীবনে যেমন সততার প্রয়োজন, তেমনি সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্যও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি বা দাখিল পরীক্ষায় ভালো ফল করে স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না। উচ্চ মাধ্যমিকের লেখাপড়া একজন শিক্ষার্থীকে নির্ধারণ করে দেয় সে কোন দিকে যাবে। এ কারণে সকল শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে ভালো করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঘারপাড়া উপজেলা শাখা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন বাঘারপাড়ার কৃতি সন্তান চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা: জায়েদ আহম্মদ, যশোর পূর্ব জেলা শিবিরের সেক্রেটারি আবু জাফর, শিবির নেতা সাইয়েদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।









