ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন ও আগের কমিটি পুনর্বহাল করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ব্যানারে সদরপুর উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা সদরপুর উপজেলা বিএনপির কমিটিতে বিতর্কিত লোকদেরকে নিয়ে একতরফা কমিটি গঠনের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান এবং কমিটি বাতিলের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা বলেন, জেলার অন্যান্য উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চললেও সদরপুরে আগের কমিটি পুনর্বহাল করা হয়েছে।

তারা পুনর্বহাল করা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।

এতে উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা মো: রাশেদ, আকবর খাঁ, মোহাম্মাদ চোকদার প্রমুখ উপস্থিত ছিলেন।