বগুড়ার ধুনট উপজেলার আরকাটিয়া বাজার-সংলগ্ন ইছামতী নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে একটি ব্যাগে ভরা শিশুটির লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আরকাটিয়া বাজারের পাশে ইছামতী নদীতে একটি বাজারের ব্যাগ ভেসে থাকতে দেখেন স্থানীয় মুঞ্জিলা বেগম নামে এক নারী। পরে সন্দেহ হলে ব্যাগটি খুলে তারা নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি ধুনট থানায় জানানো হয়।
মুঞ্জিলা বেগম বলেন, ‘আমি গেনিপুশের ঘাস কাটতে এসে দেখি নদীর ধারে পানিতে ব্যাগ। আমার হাতে থাকা কাচি দিয়ে ব্যাগ টান দিয়ে দেখি ব্যাগে বাচ্চা।’
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, শিশুটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









