ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মহাসড়কের পাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও থানা পুলিশের বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।
সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছেন। একদিকে অবৈধ স্থাপনার ফলে ফুটপাতের পথচারীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়, অন্যদিকে সরকারের জমি পুঁজি করে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় বিবেচনা করে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।









