দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলনের হুমকি
“রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।”
পরিবেশবাদীদের অপপ্রচারের কারণে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে বিলম্ব করলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নর্থভিউ হোটেলে পদদাবিতে রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টায় রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।
সংবাদ সম্মেলনে দুলু বলেন, চীনে প্রধান উপদেষ্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দেশে এসে এ নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এরই মধ্যে তথাকথিত পরিবেশবাদিরা মিথ্যা তথ্য সন্ত্রাস তৈরি করছে। অপপ্রচার চালাচ্ছে। অবিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে। সেটি না করলে আমরা লাগাতর আন্দোলনে যাবো।
পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে সমাবেশ করবে।









