জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গন্যমান্যব্যক্তি ও নেতাকর্মীদের সাথে ইফতারে অংশ নেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে; আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এ সরকারের সময়েই করতে হবে। দেশের ছাত্রজনতা রক্ত দিয়ে এ সরকারকে এনেছে; পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’
নাহিদ আরো বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকেই সেই দাবি জানাচ্ছি। যে সময়সীমা দেয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণঅভ্যুত্থানের সাথে আপস করে এমন কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’
‘আমাদের জুলাই গণঅভ্যুত্থান এবং বর্তমান যাত্রা হচ্ছে, পুরানো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা-চেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব, নতুন পদ্ধতি গ্রহণ করতে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি সেই দিকে যেন আমরা যাই,’ বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা হারিয়ে যাবে। পরিবর্তন সংস্কারের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই পুরানো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত অভিজ্ঞ রাজনীতিবিদদের জনগণের আকাঙ্ক্ষার সাথে কাজ করতে আহ্বান জানাচ্ছি।’
এসময় বরিশাল জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা: মাহমুদা মিতুসহ মহানগর নেতাকর্মীরা।









