নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির সৎ মাকে আটক করেছে।

রোববার (১০ আগস্ট) বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে তার ‘সৎ মা’ শিউলি আক্তার উপজেলার চৌমুহনী পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকেন। শনিবার (৯ আগস্ট) দুপুরের দিকে তুচ্ছ ঘটনার জের ধরে শিউলি তার সৎ মেয়ে শিশু সুমাইয়াকে মারধর করেন। এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ায়। এরপর বিকেলের দিকে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় পায় তার সৎ মা।

পরে বিষয়টি তিনি তার প্রবাসী স্বামীকে জানান। প্রবাসী স্বামীর পরামর্শে সৎ মা একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে সুমাইয়ার লাশ দাফনের জন্য স্বামীর গ্রামের বাড়ির উপজেলার ইউনিয়নের খানপুর গ্রামে নিয়ে যান।

রোববার (১০ আগস্ট) সকালে শিশুটির লাশ গোসল দেয়ার সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ির থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ সৎ মাকে আটক করে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘সৎ মাকে আটক করা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’