নারায়ণগঞ্জের সোনারগাঁওয় উপজেলার পিরোজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে পিরোজপুর গ্রামের কমিউনিটি সেন্টারে দুই শ’ কর্মী নিয়ে এ বৈঠক হয়।

সোনারগাঁও উপজেলা দক্ষিণ জামায়াতের আয়োজনে এ কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি প্রার্থী ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা তত্ত্বাবধায়ক মাওলানা আশরাফুল ইসলাম।

শিক্ষা বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী, সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: মাহবুবুর রহমান, সোনারগাঁও উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, সোনারগাঁও উপজেলা ওলামা বিভাগের প্রধান মাওলানা আল্লামা ফেরদাউস হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, ‘ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। সঠিক ও সত্যের আল্লাহর পছন্দের একমাত্র পথ ইসলাম। একজন যোগ্য কর্মীর কাজ পাঁচটি। এই পাঁচটি কাজ একজন কর্মীর নিয়মিত করতে হয়। দাওয়াতি কাজ করা, মাসিক এয়ানত দেয়া, ব্যক্তিগত রিপোর্ট রাখা, সামাজিক কাজ করা এবং নিয়মিত বৈঠকে বসা।’

তিনি আরো বলেন, ‘তার কথার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যিনি আল্লাহর পথে, রাসুলের পথে মানুষকে হিকমতের সহিত ডাকে। জামায়াতের একজন কর্মীর জীবনে হজরত মোহাম্মদ (স:) জীবনের সকল আদর্শকে নিজের জীবনে পরিপূর্ণভাবে পালন করতে হবে।’

অনুষ্ঠানে পিরোজপুর, শম্ভুপুরা, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, পৈরসভা ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মীরা উপস্থিত ছিলেন।