ফেনী জেলায় ১৩০ জন প্রান্তিক কৃষককে ধান-বীজ বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার সকালে শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে এই ধান-বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
মুফতি আবদুল হান্নান বলেন, ‘যারা মাঠে কৃষি কাজ করে মানুষের জীবিকার ব্যবস্থা করে, জামায়াতে ইসলামী তাদের পাশে আছে। সারাদেশে কৃষিকাজের ব্যাপকতা বাড়াতে উৎসাহিত করার জন্য জেলায় এই কর্মসূচি নেয়া হয়েছে। জুলাই মাসজুড়ে ধান-বীজ বিতরণ, গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। মানুষের জীবিকা আল্লাহর ইচ্ছায় বাড়ে বা কমে। তাই আল্লাহর হুকুম পালনের পাশাপাশি কৃষিকাজে গুরুত্ব দিতে হবে।’ তিনি আগামীতে বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা সহকারী সম্পাদক রফিকুল ইসলাম, অর্থনীতি ও কৃষি সম্পাদক মজিবুর রহমান, শহর অর্থনীতি ও কৃষি সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা অর্থনীতি ও কৃষি সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।





