বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, ‘এ অনুষ্ঠানে বিএনপির স্লোগান, ব্যানার, ফেস্টুন ও ছবি রাখা যাবে না। কারণ শহীদরা জাতির সন্তান, তারা সবাই বীর। তাই তাদের কোনো দলের তকমা দিয়ে ঢেকে ফেলা যাবে না। আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব তাদের সম্মাননা দেয়া এবং বিশেষ দিনে স্মরণ করা। তাই এখানে কোনো দলীয় ফ্লেভার থাকবে না। তবে দলীয় লোকের ও সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।‘

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুরস্থ দারুল ইহসান মাদরাসা মাঠ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-জনতার সম্মানে আয়োজিত স্মরণ সভার অনুষ্ঠানস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা করেন।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘৫ আগস্টে আশুলিয়ায় ছয়জন ছাত্র-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। এদের মধ্যে একজন তখনো মারা যাননি। তাকে চিকিৎসা না দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এ ব্যাপারটা খুবই অলৌকিক এবং ভয়াল।‘

জানা যায়, ২০০৬ সালের পরে ঢাকা-১৯ তথা সাভার-আশুলিয়ায় বিএনপির এটিই সবচেয়ে বড় অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এ সময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে জনসভাস্থল পরিদর্শনকালে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ঢাকা জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল (বুধবার) আশুলিয়ার শ্রীপুরে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র-শ্রমিক-জনতার সম্মানে স্মরণ সভা’ অনুষ্ঠিত হবে।