ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন বলেছেন, ‘দুর্নীতি ও অবিচারের অবসান ঘটিয়ে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই।’
শনিবার (৯ আগস্ট) বিকেলে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দীতে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘আমরা কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা চাই, যা মানুষের জীবন থেকে অন্যায়, শোষণ ও দুর্নীতি দূর করবে।’
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার অন্যায় ও স্বৈরাচারী শাসনের জন্য বিদায় নিতে হয়েছে। জনগণ দুর্নীতিবাজ ও স্বৈরাচারী শক্তি মেনে নেয়নি। তাই আগামী নির্বাচনে এমন শক্তি যেন ক্ষমতায় না আসে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। আমরা মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তি চাই। এজন্য প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও আস্থা।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান, জেলা প্রচার সম্পাদক মো: রোকন উদ্দিন, সরাইল উপজেলা আমির মো: এনাম খান, উপজেলা সেক্রেটারি মো: নুরুজ্জামান জাবেদ, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সমাবেশে আসন্ন নির্বাচনে মাওলানা মোবারক হোসাইনের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।









