রাজনৈতিক লেজুড়বৃত্তি ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতাসম্পন্ন মানুষ আসতে পারেনি। যার কারণে ফ্যাসিজম চেপে বসেছে, জনগণ সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়েছে। সেই ধারবাহিকতা আর পুলিশে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর রেঞ্জ থেকে নিয়োগ পাওয়া ৫৭ জন শিক্ষানবিশ এসআইকে সারদায় প্রশিক্ষণের জন্য পাঠানো উপলক্ষে পরিচিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, এসপি আবু সাঈমসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এসআইয়ের উদ্দেশ্যে ডিআইজি বলেন, ইতিহাস থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে। বার বার যদি আমরা একই জিনিস পনুরাবৃত্তি করি তাহলে আমরা আমাদের দেশ ও সমাজকে সামনে দিকে এগিয়ে নিতে পাবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার জার্মানিতে অনেক কিছু করেছেন। জার্মান দুই ভাগ ছিল একভাগ হয়েছে। তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

ডিআইজি বলেন, ’৭১ যেমন আমাদের ইতিহাস, ’৯০ যেমন আমাদের ইতিহাস ’২৪ এর জুলাই বিপ্লব আমাদের আরেক ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ইতিহাস যে পরিস্থিতিতে তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যেন আর না আসে। সেজন্য পুলিশসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ এবং বাংলাদেশের পক্ষে সবসময় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কারণ বিগত ১৬ বছর পুলিশে যোগ্যদের নিয়োগ দেয়া হয়নি। সুনাম ক্ষুন্ন হয়েছে পুলিশের।

এর আগে তিনি নবাগত এসআইদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও পরিচিত হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় মোটিভেশনাল দিক নির্দেশনা দেন।

পরে বাসে করে রাজশাহীর সারদার উদ্দেশ্যে রওনা দেন নবাগত এসআইরা।