সিলেট বিভাগে হামের প্রকোপে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১০২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৫ জন সন্দেহজনক হাম রোগী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী দুই শিশুর মধ্যে ১৫ মাস বয়সী মাহবুবুর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট এবং নয় মাস বয়সী তাকসিন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১০২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, রাজীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে দুইজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৪ জন, রাজীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। নিশ্চিত রোগীদের মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছে।

সবশেষ হিসেবে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪৮ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর সন্দেহজনক হাম বা উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৮ জন।

জেলাভিত্তিক হিসাবে, এখন পর্যন্ত সিলেটে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৯ জন ও সুনামগঞ্জে ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যায় সিলেট শীর্ষে রয়েছে।

গত কয়েক দিনের তুলনায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ফের বেড়েছে। একই সাথে এক দিনে দুই শিশুর মৃত্যুতে বিভাগে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।